মুক্তমন রিপোর্ট : তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ। বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বেলা পৌনে ৩টার দিকে সম্মেলনস্থলে দুই নেতার বৈঠক শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে তাঁদের মধ্যে আলোচনা চলে।বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলের শহর আনতালিয়ায় চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১। সোমবার (৯ নভেম্বর) শুরু হওয়া ১১ দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৯০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, গবেষক এবং প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
তুরস্কের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করছেন দেশটির পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম। অন্যদিকে, সম্মেলনের আলোচনাপর্বে সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন।সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ‘ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিট’ অনুষ্ঠিত হচ্ছে বুধবার ও বৃহস্পতিবার (১১ ও ১২ নভেম্বর)। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি রয়েছে।প্রতিবেদন অনুযায়ী, আগামী ২০ নভেম্বর শেষ হওয়ার কথা এবারের কপ-৩১ সম্মেলন।
Muktomon/TA