নেতানিয়াহু ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি অসম্ভব

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন এমপি গিলাদ কারিভ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন এমপি গিলাদ কারিভ।

মুক্তমন রিপোর্ট : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সংসদ সদস্য ও ডেমোক্র্যাটস পার্টির নেতা গিলাদ কারিভ। তাঁর মতে, ওয়াশিংটনে নেতানিয়াহু এখন আর গ্রহণযোগ্য নন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতিকে ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি হিসেবেও উল্লেখ করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন কারিভ।যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দুই দেশের সম্পর্কে এমন গুরুতর সংকট আগে কখনো দেখা যায়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, সমস্যাগুলো এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেস, হোয়াইট হাউস এবং দেশটির সাধারণ মানুষের মতামতেও প্রতিফলিত হচ্ছে।

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের নির্বাচনী বিপর্যয়ের মুখে পড়ে। এ ফলাফলের পেছনে ইরান যুদ্ধের প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প।

কারিভ বলেন, নির্বাচনের ফলাফল থেকে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে ইসরায়েলবিরোধী মনোভাবের বিষয়টি স্পষ্ট হয়েছে। এ প্রসঙ্গে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যও উল্লেখ করেন। ভ্যান্স ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্বিবেচনার প্রয়োজনীয়তার কথা বলেছেন বলে দাবি করেন তিনি।

ওয়াশিংটনে নেতানিয়াহুর অবস্থান নিয়ে কারিভ বলেন, “ওয়াশিংটনে নেতানিয়াহু অবাঞ্ছিত। তিনি প্রধানমন্ত্রী থাকলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান ও সম্পর্ক পুনরুদ্ধারের কোনো সুযোগ থাকবে না।”সাক্ষাৎকারে ইসরায়েলের বিচার বিভাগে নেতানিয়াহু সরকারের আমলে আনা পরিবর্তনগুলো নিয়েও কথা বলেন কারিভ। তিনি জানান, তাঁর দল এবং গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট ক্ষমতায় গেলে ওই পরিবর্তনগুলোর গুরুত্বপূর্ণ অংশ বাতিল বা সংশোধনের উদ্যোগ নেবে।

কারিভের মতে, বিচার বিভাগের ওপর সরকারের প্রভাব বাড়ানোর লক্ষ্যে নেওয়া আইনগুলো পুনর্বিবেচনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে যথাযথ আইনি ও সংসদীয় প্রক্রিয়া অনুসরণের কথাও উল্লেখ করেন তিনি।

সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল

Muktomon/TA