সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সমবায়কে কাজে লাগানোর আহ্বান মন্ত্রীর

সৌরবিদ্যুৎ স্থাপনে সমবায়ের ভূমিকা নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখছেন এলজিআরডি মন্ত্রী
সৌরবিদ্যুৎ স্থাপনে সমবায়ের ভূমিকা নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখছেন এলজিআরডি মন্ত্রী

মুক্তমন রিপোর্ট : দল-মত কিংবা অঞ্চল বিবেচনায় নয়, দেশের সব উপজেলার মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে সমবায় ভবনের মাল্টিপারপাস হলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আয়োজনে ‘সমবায় সমিতির মাধ্যমে নগর ও পল্লী অঞ্চলে সৌরবিদ্যুৎ স্থাপনে কর্মকৌশল নির্ধারণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে। একটি উপজেলাকে এমন সুবিধা দেওয়া উচিত নয়, যা পাশের উপজেলার মানুষ পাবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে সব এলাকার মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।

সরকারি কর্মকর্তাদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে আবদুল মঈন খান বলেন, তাঁরা শুধু চাকরিজীবী নন, দেশের ১৮ কোটি মানুষের সেবায় নিয়োজিত। তাঁদের কাজের যথাযথ মূল্যায়ন এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা সমন্বয়ের বিষয়টি সরকার বিবেচনা করেছে।

তিনি বলেন, সীমিত সম্পদের কারণে একসঙ্গে সব উদ্যোগ বাস্তবায়ন সম্ভব না হলেও আগামী কয়েক বছরে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর সরকারি কর্মকর্তাদের বেতন সমন্বয়ের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মন্ত্রিসভায় উত্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব। তৃণমূলকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তাঁদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রচলিত জ্বালানির উৎস সীমিত হয়ে আসায় সৌরশক্তির ব্যবহার বাড়ানো জরুরি। সৌরবিদ্যুতের যথাযথ ব্যবহার ব্যয় সাশ্রয়ের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

সরকারের নির্ধারিত পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি, যাতে সৌরবিদ্যুতের সুফল দেশের মানুষের কাছে পৌঁছানো যায়।

পল্লী উন্নয়ন ও সমবায় খাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কাঠামো, কার্যপরিধি ও সুযোগ-সুবিধা আরও কার্যকর করার বিষয়টি বিবেচনা করা হবে। পল্লী উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাবসহ কর্মকর্তাদের উত্থাপিত বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে।

দেশে বর্তমানে প্রায় আড়াই লাখ নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুধু সমিতির সংখ্যা বাড়ালেই হবে না; সেগুলোকে কার্যকর ও জনকল্যাণমুখী করে গড়ে তুলতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকার সমিতিগুলোর কার্যক্রম যাচাই করে সেগুলোকে মানুষের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।

সমবায় সমিতির নিবন্ধন প্রক্রিয়া সহজ করার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তাঁর মতে, নিবন্ধন সহজ হলে গ্রামের সাধারণ মানুষ সমিতি গঠন করে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে পারবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, অল্প সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন সামাজিক আন্দোলনে রূপ নেবে বলে তিনি আশাবাদী।

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান ও হাটবাজারের ছাদে সৌরপ্যানেল স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন সমিতিগুলোর মাধ্যমেও সৌরপ্যানেল স্থাপন করা গেলে সাময়িক বিদ্যুৎ সংকট মোকাবিলায় সহায়ক হবে।

গ্রামের মানুষকে সৌরবিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সমবায় ও পল্লী উন্নয়ন কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, সৌরপ্যানেল স্থাপন ও সহায়ক সেবা ক্রয়ের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ইতোমধ্যে ৩৯০ কোটি টাকা ছাড় করা হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মীর শাহে আলম বলেন, বিগত ১৫ বছরে বেতন বৃদ্ধি না হওয়ায় তাঁরা আর্থিক ও পারিবারিক জীবনে নানা সংকটে পড়েছেন। বর্তমান সরকার এ বিষয়ে দায়িত্ব পালন করতে সক্ষম হবে বলে তিনি আশ্বস্ত করেন। দলীয় পরিচয় বিবেচনা না করে সবাইকে একসঙ্গে সরকারের কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Muktomon/TA