গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির টহল দলের ওপর হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ ও সরঞ্জাম লুটের ঘটনায় ৫ হাজার ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আটজনের নাম উল্লেখ করে বাকি ৫ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারে মোট ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে।
গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে। এ ছাড়া জেলা ও উপজেলা ছাত্রলীগের আরও সাত নেতার নাম উল্লেখ রয়েছে।
এজাহার অনুযায়ী, গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে টহলে থাকা বিজিবি সদস্যরা নিলফা বাজার এলাকায় পৌঁছালে তাদের পথরোধ করা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিজিবির সদস্যরা আহত হন এবং একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা পুড়ে যায়।
এ ছাড়া ৯০ রাউন্ড গুলি, তিনটি এসএমজির ম্যাগাজিন এবং বিভিন্ন সরকারি সরঞ্জাম ক্ষতিগ্রস্ত ও লুটের অভিযোগ করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
অন্যদিকে, অগ্নিসংযোগে থানা ভবন, আসবাবপত্র, যানবাহন ও প্রয়োজনীয় সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ায় টুঙ্গিপাড়া থানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
Muktomon/TA