পাঁচ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের সঙ্গে শফিকুর রহমানের মতবিনিময়

পাঁচ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের সঙ্গে শফিকুর রহমানের মতবিনিময়

মুক্তমন ডেস্ক : তরুণ নেতৃত্বের বিকাশ, ছাত্রসমাজের ভাবনা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণ নিয়ে দেশের পাঁচটি প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘Beyond Campus: Leading Tomorrow’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) প্রতিনিধিরা অংশ নেন।

ছাত্র সংসদের এক বছরের কার্যক্রম তুলে ধরেন প্রতিনিধিরা

অনুষ্ঠানের শুরুতে নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিরা নিজ নিজ সংগঠনের গত এক বছরের কার্যক্রম, শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া উদ্যোগ, ক্যাম্পাসের সমস্যা এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন।

ডাকসুর ভিপি সাদিক কায়েম, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসুর ভিপি ইব্রাহীম রনি, জকসুর ভিপি রিয়াজুল ইসলাম এবং জাকসুর জিএস মাজহারুল ইসলাম প্রেজেন্টেশনের মাধ্যমে তাঁদের ছাত্র সংসদের কার্যক্রম উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান ছাত্র প্রতিনিধিদের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, অস্ত্র, কিশোর গ্যাং ও আইনশৃঙ্খলার অবনতির মধ্যেও ছাত্র সংসদের নেতারা অস্থির ক্যাম্পাসগুলোতে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছেন।

এক বছরে সব সমস্যার সমাধান সম্ভব না হলেও ছাত্রনেতারা সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করেছেন বলে মন্তব্য করেন তিনি।

উদ্যোক্তা ও নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান

তরুণদের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, শিক্ষার্থীরা যেন শুধু পাঁচটি বিশ্ববিদ্যালয় নয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখেন। যারা ছাত্রজীবন শেষ করেছেন, তাঁদের সততা ও নৈতিকতার ভিত্তিতে দেশ গড়ার কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

তরুণরা শুধু চাকরিজীবী না হয়ে ব্যবসা, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক উদ্যোগে উদ্যোক্তা হিসেবে নেতৃত্ব দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান।

ঢাকার মতো গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনেও তরুণদের মধ্য থেকে মেয়র প্রার্থী ঘোষণার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ। শহরের পাশাপাশি গ্রামবাংলার পরিবর্তনেও তরুণদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

ফ্যাসিবাদ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য

বক্তব্যে অতীতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন জামায়াত আমীর। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ফ্যাসিবাদী আমলে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ শহীদ এবং ২৬ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন বলে উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, অর্থ, স্বার্থ, ভোট ও সম্পদ ভাগাভাগির প্রস্তাবের বিনিময়ে কেউ কেউ ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তাঁর দাবি, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলায় হয়রানি ও দখলবাজি আগের চেয়ে বেশি গতিতে চলছে।

তিনি বলেন, জীবন ও রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা তরুণ সমাজ যেন ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশে ফিরে আসতে না দেয়।

গণভোট ও নির্বাচন নিয়ে মন্তব্য

গণভোট প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, রাষ্ট্র সংস্কার ও মেরামতের জন্য গণভোট এবং রাষ্ট্র পরিচালনার জন্য সংসদ নির্বাচন—দুটিকে সামনে রেখেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিয়েছিল।

তবে একটি দল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আরেকটি নির্বাচনকে অস্বীকার করায় সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, এই সংকট এবং ফ্যাসিবাদীদের পুনর্বাসনের প্রচেষ্টার কারণে তারা আবার ফিরে আসার সুযোগ খুঁজছে।

ছাত্রশিবির সভাপতির বক্তব্য: ‘ভায়োলেন্স ফ্রি’ ক্যাম্পাসের দাবি

অনুষ্ঠানে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর উপস্থাপনায় বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিদের প্রশংসা করে তিনি বলেন, তাঁরা এক বছর ধরে বড় বড় ক্যাম্পাসে ‘ভায়োলেন্স ফ্রি’ পরিবেশ উপহার দিয়েছেন। উপস্থিত শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেন তিনি।

দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে নূরুল ইসলাম ক্ষুধা, দারিদ্র্য, চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি ও দখলদারির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

চাকরি সংস্কার ও পিএসসি নিয়ে অভিযোগ

চাকরি সংস্কার ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রসঙ্গে নূরুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের পরও চাকরির কার্যকর সংস্কার হয়নি। পিএসসিকে ঘিরে নানা ষড়যন্ত্র হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তাঁর দাবি, মোনেম কমিশনের সংস্কারের পর পিএসসির চেয়ারম্যানকে পদত্যাগ করানো হয়েছে এবং সদস্যদেরও পদত্যাগে বাধ্য করার চেষ্টা চলছে। ভাইভার নম্বর ২০০ থেকে ১০০ করার সিদ্ধান্ত আবার ২০০-তে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ এবং লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নে সংস্কার পরিবর্তনের মাধ্যমে দলীয় নিয়োগের চক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এসব বিষয়ে সংবাদ সম্মেলন এবং প্রতিটি ক্যাম্পাসে আন্দোলনের ঘোষণা দেন ছাত্রশিবির সভাপতি।

অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের সমালোচনা

তৎকালীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নূরুল ইসলাম বলেন, ছাত্র সংসদ প্রতিনিধিদের ডেকে তাঁদের বক্তব্য শোনা সরকারের মৌলিক দায়িত্ব ছিল। কিন্তু সরকার তা না করে দেশকে গভীর সংকটে রেখে গেছে।

বর্তমান সরকারও হিংসার কারণে ছাত্র প্রতিনিধিদের আমন্ত্রণ জানায়নি বলে অভিযোগ করেন তিনি। বিপরীতে বিরোধীদলীয় নেতার উদ্যোগের প্রশংসা করে তাঁকে ‘মানবিক নেতা’ ও ‘মজলুম জননেতা’ হিসেবে উল্লেখ করেন নূরুল ইসলাম।

নৈতিকতার সংকট নিয়ে এ টি এম আজহারুল ইসলামের বক্তব্য

অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম। নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অতীতে ছাত্র সংসদকে ঘিরে টেন্ডারবাজি, দখলদারি, সিট বাণিজ্য, জোর করে মিছিলে অংশগ্রহণ ও মারামারির ঘটনা ঘটত।

তাঁর দাবি, স্বাধীনতার পর সম্ভবত প্রথমবার পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিরা এমন পরিবর্তন এনেছেন, যা বাংলাদেশের ইতিহাসে বিরল।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে এ টি এম আজহারুল ইসলাম বলেন, বর্তমান রাজনীতির সবচেয়ে বড় সংকট নৈতিকতার অভাব। তাঁর মতে, নৈতিকতার ঘাটতির কারণে দেশের বিপুল সম্পদ থাকা সত্ত্বেও বাংলাদেশ কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। ১৬ বছরে ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তরুণ নেতৃত্বের প্রত্যাশা

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

নির্বাচিত ছাত্রনেতাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, পাঁচটি বড় বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিরা সততা, স্বচ্ছতা, কর্মদক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনের যে দৃষ্টান্ত দেখিয়েছেন, তা ক্যাম্পাসের বাইরে আগামী দিনের নেতৃত্বের সম্ভাবনা তুলে ধরেছে।

ছাত্রজীবনে অর্জিত নৈতিকতা, চরিত্র, সততা ও স্বচ্ছতা কর্মজীবন এবং রাজনীতিতেও ধরে রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধিরা তরুণ সমাজের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে বিরোধীদলীয় নেতা সংসদ ও সংসদের বাইরে তরুণদের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির, সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, সাবেক ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম, চিকিৎসক ডা. খালেদুজ্জামান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদসহ দল ও ছাত্রসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।