মুক্তমন রিপোর্ট : দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থার জন্য আগামী জানুয়ারি থেকে বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার চালু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এতে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলার প্রতিযোগিতার সময়সূচি থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আমিনুল হক বলেন, বছরজুড়ে মাঠে খেলাধুলা সচল রাখা এবং একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গঠনে এ উদ্যোগ ভূমিকা রাখবে। দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের যে উদ্যোগ শুরু হয়েছে, সিলেটের এই ফুটবল আয়োজন তারই একটি উদাহরণ।
নিজের ফুটবল জীবনের স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী জানান, ১২ বছর বয়সে সিলেট জেলা স্টেডিয়াম থেকেই তাঁর ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল। এ কারণে সিলেটের প্রতি তাঁর বিশেষ ভালোবাসা রয়েছে। এ সময় একসময় তাঁর সঙ্গে খেলা গোলকিপার নাচনের কথাও স্মরণ করেন তিনি।
আগামী পাঁচ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বড় পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন আমিনুল হক। তিনি বলেন, ভবিষ্যতে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে বাংলাদেশ শুধু অংশগ্রহণেই সীমাবদ্ধ থাকবে না, পদকের জন্যও লড়াই করবে। এ লক্ষ্য অর্জনে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে শক্তিশালী করতে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে আলোচনা করে সংস্থাটিকে নতুনভাবে সাজানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Muktomon/TA