শ্রমিক বিক্ষোভে বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ভারতে

শ্রমিক বিক্ষোভের প্রভাবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ও রপ্তানি অর্ডার সংকট।
শ্রমিক বিক্ষোভের প্রভাবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ও রপ্তানি অর্ডার সংকট।

আন্তর্জাতিক ডেস্ক : শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাত থেকে বিপুল পরিমাণ রপ্তানি অর্ডার সরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ক্রেতারা। বিশ্বখ্যাত ব্র্যান্ড জারা ও এইচঅ্যান্ডএম নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে প্রায় ১০ শতাংশ অর্ডার কমিয়েছে। এসব অর্ডারের বড় অংশ চলে গেছে ভারতে।

শুক্রবার (২৭ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কয়েকজন পোশাক কারখানার মালিক জানিয়েছেন, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের অর্ডার অন্য দেশে চলে গেছে। এর অধিকাংশ পেয়েছে ভারত।

শিল্পসংশ্লিষ্টদের মতে, শ্রমিকদের বেতন বৃদ্ধি, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশের কম খরচে পোশাক উৎপাদনের প্রতিযোগিতামূলক সুবিধা কমছে। ফলে বিদেশি ক্রেতারা বিকল্প উৎপাদনকারী দেশ খুঁজছেন।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, শ্রমিক বিক্ষোভের কারণে এ পর্যন্ত প্রায় ৪০০ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে। উল্লেখ্য, দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে অর্ডার সরে যাওয়ায় সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে ভারত। পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন আন্তর্জাতিক ক্রেতারা।

Muktomon/TA