বিনোদন ডেস্ক : ভারতের গুয়াহাটিতে লাইভ অনুষ্ঠানে গান পরিবেশনের সময় ক্যামেরা ড্রোনের আঘাতে আহত হয়েছেন বলিউড সিনেমা ‘ধুরন্ধর’-এর গায়িকা রেবলে। আকস্মিক এ ঘটনায় গান থামিয়ে দ্রুত মঞ্চ ছেড়ে চলে যান তিনি। ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গুয়াহাটির হাতিশিলায় ‘পালস ২০২৬ অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে পারফর্ম করছিলেন রেবলে। ‘রান ডাউন দ্য সিটি’ গান পরিবেশনের সময় নাচতে থাকা অবস্থায় হঠাৎ একটি ড্রোন উড়ে এসে তার মুখে আঘাত করে।
এ ঘটনায় হতভম্ব হয়ে গান বন্ধ করে মঞ্চ ত্যাগ করেন গায়িকা। অনুষ্ঠানে উপস্থিত এক ব্যক্তি সামাজিক মাধ্যমে ঘটনার ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি রেবলে।
মেঘালয়ের বাসিন্দা রেবলে সম্প্রতি বলিউড সিনেমা ‘ধুরন্ধর’-এ গান গেয়ে পরিচিতি পান। সিনেমাটিতে তার গাওয়া গানগুলোর মধ্যে রয়েছে ‘রান ডাউন দ্য সিটি-মনিকা’, ‘মুভ-ইয়ে ইশক ইশক’ ও ‘নাল নাচনা’।
এর আগে ২০২৩ সালে চেন্নাইয়ের ভিআইটি বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করার সময় ড্রোনের আঘাতে আহত হয়েছিলেন গায়ক বেনি দয়াল। একই বছর ড্রোনের আঘাতে আহত হন গায়িকা নিকিতা গান্ধীও।
রেবলের এ ঘটনার পর লাইভ অনুষ্ঠানে ড্রোন ব্যবহারের নিরাপত্তা এবং দক্ষ অপারেটরের মাধ্যমে ড্রোন পরিচালনার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
Muktomon/TA