নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুর ঝুঁকি কমাতে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করেছে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি। ডেঙ্গু প্রতিরোধকে ধারাবাহিক সামাজিক উদ্যোগে রূপ দেওয়ার প্রত্যয় নিয়ে এ কর্মসূচি শুরু করেছে সংগঠনটি।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টায় রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকার বটতলা থেকে কর্মসূচির সূচনা হয়। পরে পুরাতন বাজার ও সরকার বাড়ি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে সোসাইটির সদস্যরা অংশ নেন। তাঁরা সড়ক, ফুটপাত ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
আয়োজকদের ভাষ্য, ডেঙ্গু বিস্তারের অন্যতম বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং পরিচ্ছন্নতা বিষয়ে বাসিন্দাদের সচেতন করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র হতে পারে। তাই নিয়মিত পরিষ্কারের পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেন তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন মৃধা, মতিউর রহমান স্বপন, আমির হোসেন, লিটু আহমেদ লিটন, নুরুল আমিন ঝিন্টু, রুস্তম আলী, এ কে আজাদ, মো. ইব্রাহিম হোসেন, মো. আব্দুর রশিদ রাজিব, জয়নাল আবেদীন, তাহসিন মৃধা ও তাসবির ইকবালসহ সংগঠনের অন্যান্য সদস্য।
সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা ও সম্মিলিত সামাজিক উদ্যোগ জরুরি। প্রতিটি পরিবারকে নিজেদের বাসা, ছাদ, বারান্দা ও আশপাশের পরিবেশ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, অটোরিকশামুক্ত নিকুঞ্জ গড়ার উদ্যোগে এলাকাবাসীর সম্মিলিত অংশগ্রহণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ডেঙ্গু প্রতিরোধেও সামাজিক ঐক্য গড়ে তুলতে চান তাঁরা।
সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার সৈকত বলেন, ডেঙ্গু প্রতিরোধ কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। নিজের বাড়ির পাশাপাশি প্রতিবেশীর পরিবেশের প্রতিও নজর রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা অপসারণ এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তিনি জানান, পরিচ্ছন্নতা কার্যক্রমকে এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে ধারাবাহিকভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ জন্য এলাকাবাসী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান তাঁরা।
সোসাইটির নেতারা জানান, নিকুঞ্জ ও টানপাড়া এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক উদ্যোগও অব্যাহত রাখবেন। এ কাজে স্থানীয় বাসিন্দা, বাড়ির মালিক, ভাড়াটিয়া, ব্যবসায়ী ও তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
Muktomon/TA