সরকারি খরচে মালয়েশিয়া যাচ্ছেন এক হাজার জুলাইযোদ্ধা

সরকারি খরচে মালয়েশিয়া যাচ্ছেন এক হাজার জুলাইযোদ্ধা

নিজস্ব প্রতিবেদক : চলতি নভেম্বর মাসের শেষ দিকে ১০ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। এ কর্মীদের মধ্যে থাকবেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’। তাঁদের বিদেশযাত্রা থেকে শুরু করে কর্মসংস্থান পর্যন্ত যাবতীয় ব্যয় বহন করবে সরকার। অন্যদিকে সাধারণ কর্মীদের জন্য অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মন্ত্রী জানান, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) প্রকাশ করা হবে। চলতি মাসের শেষ দিকে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের। তাঁদের মধ্যে এক হাজার জুলাইযোদ্ধার বিদেশযাত্রা ও কর্মসংস্থানের সব খরচ সরকার বহন করবে।

এদিকে বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অনিয়মের অভিযোগে ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার। অভিবাসন খাতে অনিয়ম বন্ধ এবং কর্মীদের স্বার্থ সুরক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট তথ্যে জানানো হয়েছে।

মন্ত্রী আরও জানান, নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং বিদেশে বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে স্থানীয় লবিস্ট বা পরামর্শক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে বাংলাদেশি কর্মীদের প্রবেশের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।