বাংলাদেশের পাশে থাকার আশ্বাস এরদোয়ানের, প্রতিরক্ষা বিনিয়োগে আলোচনা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক।

মুক্তমন রিপোর্ট : বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, তাঁর ও তুরস্কের যতটুকু সক্ষমতা রয়েছে, তা বাংলাদেশের জন্য কাজে লাগাতে প্রস্তুত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুধু জানাতে হবে, কোথায় কী ধরনের সহযোগিতা প্রয়োজন।

গত ১০ নভেম্বর জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর ফাঁকে তুরস্কের আনতালিয়ায় দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর শেষে রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

প্রতিমন্ত্রী জানান, বৈঠকে এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের মানুষের নেতা হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তাঁকে নিজের মূল্যবান ভাই আখ্যা দিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

হুমায়ুন কবির বলেন, বহুপক্ষীয় সম্মেলনের আয়োজক দেশের প্রেসিডেন্ট সাধারণত খুব বেশি দ্বিপক্ষীয় বৈঠক করেন না। এরদোয়ান অল্প কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন, যার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকটি ছিল অন্যতম।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, দুই নেতার আলোচনা ছিল আন্তরিকতাপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক বর্তমানে ঘনিষ্ঠ পর্যায়ে রয়েছে এবং তা কৌশলগত অংশীদারত্বের দিকে এগোচ্ছে।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্ভাব্য বিনিয়োগ এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এ ছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও দুই নেতার মধ্যে কথা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, রোহিঙ্গাদের জন্য অর্থায়ন নিশ্চিত করা এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

Muktomon/TA