ঘাটতি ৭৮৬ কোটি ডলার

বাংলাদেশের বাণিজ্য ঘাটতির শীর্ষে ভারত

বাংলাদেশের বাণিজ্য ঘাটতির শীর্ষে ভারত

নিজস্ব প্রতিবেদক : ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি। ২০২৪-২৫ অর্থবছরে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৮৬ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৭ হাজার ৯২৮ কোটি টাকা। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিরোধীদলীয় জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বাণিজ্যমন্ত্রী জানান, সরকারি আমদানি-রপ্তানি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ভারত থেকে ৯৬২ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। বিপরীতে দেশটিতে রপ্তানি করেছে মাত্র ১৭৬ কোটি ডলারের পণ্য। ফলে দুই দেশের বাণিজ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে।

তিনি জানান, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলোর মধ্যে আফগানিস্তান, ভুটান ও পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। ওই অর্থবছরে আফগানিস্তানের সঙ্গে ঘাটতি ছিল ১ কোটি ৭ লাখ ১০ হাজার ডলার, ভুটানের সঙ্গে ২ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ডলার এবং পাকিস্তানের সঙ্গে ৬৮ কোটি ১৩ লাখ ডলার।

অন্যদিকে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে উদ্বৃত্ত রয়েছে বলে জানান তিনি।

বাণিজ্য ঘাটতি কমাতে সরকারের উদ্যোগ

ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, পণ্যের মান ও পরীক্ষার সনদের পারস্পরিক স্বীকৃতি, শুল্ক বিভাগের মধ্যে সহযোগিতা জোরদার, সীমান্ত অবকাঠামোর উন্নয়ন, বাণিজ্য সহজীকরণ এবং বাণিজ্যসংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়।

এ লক্ষ্যে বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক ও যৌথ কর্মদলের কার্যক্রম চলমান রয়েছে। গত ৮ ও ৯ অক্টোবর ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদলের ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বর মাসে দুই দেশের বাণিজ্যসচিব পর্যায়ের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৭২ সালে। পরবর্তী সময়ে বিভিন্ন সংশোধন ও পরিমার্জনের পর ২০১৫ সালে চুক্তিটি নবায়ন করা হয়।

এ ছাড়া দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা (সাফটা) এবং এশিয়া-প্যাসিফিক বাণিজ্য চুক্তির (এপিটিএ) আওতায় তামাক ও অ্যালকোহলজাত পণ্যসহ ১৫টি পণ্য ছাড়া বাংলাদেশের অন্যান্য পণ্য ভারতের বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পেয়ে থাকে।

ভারতে রপ্তানি বাড়ানোর পরিকল্পনা

বাণিজ্যমন্ত্রী বলেন, সাফটা ও সাপটা চুক্তির আওতায় বাণিজ্য উদারীকরণের ফলে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে। তবে খাদ্যপণ্য ও কাঁচামাল আমদানি বৃদ্ধির কারণে বাণিজ্য ঘাটতিও বেড়েছে।

এই ঘাটতি কমাতে ভারতে তৈরি পোশাক, আসবাবপত্র, প্রক্রিয়াজাত খাদ্য, পাটজাত পণ্যসহ বিভিন্ন বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য পণ্যের মান উন্নয়ন, উন্নত প্যাকেজিং, কার্যকর বিপণন, ব্র্যান্ড ইমেজ তৈরি এবং ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশি পণ্য রপ্তানির প্রক্রিয়া সহজ করতে ভারতের শুল্ক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) স্বাক্ষরের কার্যক্রমও চলমান রয়েছে।

তিনি আরও জানান, বাণিজ্য ঘাটতি কমাতে ভুটানের সঙ্গে বাংলাদেশ ইতোমধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সম্পন্ন করেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে বাণিজ্যসচিব ও কার্যনির্বাহী কমিটি পর্যায়ে নিয়মিত বৈঠক হচ্ছে।

রপ্তানি বাজার সম্প্রসারণের অংশ হিসেবে ভারতে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক সোর্সিং ও ভোক্তা মেলায় বাংলাদেশের অংশগ্রহণ অব্যাহত রয়েছে।

বাণিজ্যমন্ত্রী জানান, দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০২৫-২৬ অর্থবছরে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ শীর্ষক একটি সোর্সিং মেলার আয়োজন করে। এ মেলায় সার্কভুক্ত পাকিস্তান ও আফগানিস্তানের বাণিজ্য প্রতিনিধিদলকে বাংলাদেশের বিভিন্ন কারখানা পরিদর্শনের সুযোগ দেওয়া হয়।

এ ছাড়া ভারত কর্তৃক পাট ও পাটজাত পণ্যের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের অশুল্ক বাধা কমানোর প্রস্তাব বাংলাদেশ-ভারত বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে ইপিবি।