মুফিজুর রহমান নাহিদ : সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। এক পক্ষ তিন দফা দাবিতে সোমবার (১৬ নভেম্বর) থেকে কর্মবিরতির ঘোষণা দিলেও অন্য পক্ষ জানিয়েছে, এ কর্মসূচির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে সোমবার ভোর ৬টা থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি শুরু হওয়ার কথা রয়েছে। তবে কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন।
শনিবার (১৪ নভেম্বর) পৃথক সভা করে নিজেদের অবস্থান তুলে ধরে সংগঠন দুটি।
তিন দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা দেওয়া সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন শনিবার দুপুরে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সভা করে। ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় সভায় জানানো হয়, দাবিগুলো বাস্তবায়নের জন্য গত ৮ নভেম্বর প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। তবে কার্যকর সমাধান না পাওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রমিক ইউনিয়নের দাবিগুলোর মধ্যে রয়েছে, কদমতলী টার্মিনালে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলা থেকে ইউনিয়নের সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ শীর্ষ নেতাদের নাম প্রত্যাহার। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা এবং পার্কিংয়ের নামে মামলা বন্ধের দাবি জানানো হয়েছে।
এ ছাড়া ট্রাক ও পিকআপের মালামাল ইজিবাইক ও টমটমে ঝুঁকিপূর্ণভাবে পরিবহন বন্ধ, নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা ও টমটম সরিয়ে নেওয়া এবং সিএনজিচালিত অটোরিকশার জন্য ব্যাংক চালানের নম্বর দেওয়ার দাবিও রয়েছে।
অন্যদিকে, শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার কদমতলীতে নিজেদের কার্যালয়ে সভা করে কর্মবিরতি বর্জনের ঘোষণা দেয় সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ সোহেল ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের পরিচালনায় সভায় নেতারা বলেন, ঘোষিত কর্মসূচি আদালত অবমাননার শামিল। তাঁদের দাবি, এ ধরনের কর্মসূচি সরকারকে বেকায়দায় ফেলার পাশাপাশি দেশের সামগ্রিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে।
সভায় শ্রমিক নেতা আবু সরকারের বিরুদ্ধে অপপ্রচারেরও নিন্দা জানানো হয়।এদিকে, পরিবহন মালিক সমিতি সিলেটের আহ্বায়ক লোকমান আহমদ জানিয়েছেন, তাঁদের সংগঠন ঘোষিত ধর্মঘট সম্পর্কে অবহিত নয়। কর্মসূচিটিকে অযৌক্তিক উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
ধর্মঘটের ঘোষণাকে কেন্দ্র করে সিলেটের পরিবহন খাতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কর্মসূচি বাস্তবায়িত হলে সোমবার সকাল থেকে জেলার সড়ক যোগাযোগে কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে।
Muktomon/TA