শিহাব উদ্দিন : গোপালগঞ্জ জেলা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তাঁরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভাঙচুর, একটি সুপারশপের কাচ ভাঙচুর এবং কয়েকটি স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে সদর উপজেলার বিভিন্ন এলাকা ও ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে নেতা-কর্মীরা শহরে আসতে শুরু করেন। পরে তাঁরা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন। দুপুর ১২টার দিকে সেখান থেকে মিছিল নিয়ে লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করেন।
একপর্যায়ে মিছিলকারীরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে অনেকের হাতে লগি-বৈঠাও দেখা যায়। নারী কর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
মিছিল চলাকালে শহরের এফএনএফ নামের একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয় বলে জানা গেছে। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়া হয়। দুপুর দেড়টার দিকে মিছিলকারীরা শহর ছেড়ে চলে যান।
এদিকে, মিছিলকে কেন্দ্র করে শহরে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। লঞ্চঘাট, বাজার এলাকা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি।
কর্মসূচিকে কেন্দ্র করে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। যান চলাচলও ব্যাহত হয়। মিছিলকারীরা শহর ছেড়ে যাওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। পরে কিছু দোকানপাট খুলতে থাকে এবং রিকশা-ভ্যান চলাচল শুরু হয়।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা হবে।
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
Muktomon/TA