হুথিদের হামলার আশঙ্কায় রিয়াদের কিংডম সেন্টারে হোম অফিস

সৌদি আরবের রাজধানী রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টার ভবন।
সৌদি আরবের রাজধানী রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টার ভবন।

মুক্তমন রিপোর্ট : ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টারের অফিসগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসা থেকে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভবনটির নিচতলার শপিংমল খোলা রয়েছে।

রোববার (১৮ অক্টোবর) থেকে এ নির্দেশ কার্যকর হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভবনের ভাড়াটেদের পাঠানো ই-মেইলে অফিস ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মীদের নির্ধারিত সময়ে ভবনে না আসার অনুরোধ জানিয়েছে।

এদিকে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সম্ভাব্য হামলার বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বিমান চলাচল স্থগিত থাকায় আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

শনিবার জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং অন্যান্য ভ্রমণসংক্রান্ত বিঘ্নের বিষয়ে নাগরিকদের সতর্ক করে।

রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত

মার্কিন মিশনের তথ্য অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রয়েছে। তবে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু রয়েছে। এসব বিমানবন্দরে কিছু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে বিলম্ব এবং ফ্লাইট বাতিলের ঘটনা ঘটছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সৌদি আরবের বিমানবন্দর দিয়ে ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনস ও বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্ভাব্য নতুন হামলা এবং ফ্লাইটের সময়সূচি বা আকাশসীমার প্রাপ্যতায় আকস্মিক পরিবর্তনের বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের মোবাইল ফোনে পাঠানো জাতীয় জরুরি সতর্কবার্তা অনুসরণ করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন মিশন।

সূত্র : এএফপি

Muktomon/TA