স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের

ঢাকার পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শনকালে বক্তব্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
ঢাকার পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শনকালে বক্তব্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মুক্তমন রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। দেশবাসী অপেক্ষা করছে, তিনি কবে পদত্যাগ করবেন।

সোমবার (১৯ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার শ্রীশ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কোনো ধরনের জবাবদিহিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাঁর ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন।

ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, তাঁর মতে, ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন এবং আইন প্রয়োগকারী সংস্থার এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত। তিনি আরও অভিযোগ করেন, এর আগে ‘মিস্টি’ পদত্যাগ করলেও তাঁকে গ্রেপ্তার করা হয়নি। এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা বা নির্দেশে দেশ চলছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, এটি গণতন্ত্র ও আইনের শাসনের উদাহরণ নয়।

সংবিধান সংশোধন কমিটি নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, কমিটির কার্যক্রমের মাধ্যমে সরকার নাটক করছে এবং জনগণ এ কমিটি প্রত্যাখ্যান করেছে। তাঁর অভিযোগ, দলীয় বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠক করে বিএনপি নিজেদের গৃহীত সংস্কারের বিরোধিতায় বক্তব্য দেওয়াচ্ছে। তিনি এ ধরনের কর্মকাণ্ডকে জনগণের সঙ্গে প্রহসন বলে উল্লেখ করেন।

মন্দির পরিদর্শনের সময় এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Muktomon/TA