আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ, ৬ জনের বিরুদ্ধে মামলা

আশুলিয়ায় পোশাক কারখানার লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ঘটনাস্থলের দৃশ্য
আশুলিয়ায় পোশাক কারখানার লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ঘটনাস্থলের দৃশ্য

মুক্তমন রিপোর্ট : সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

এর আগে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে তাৎক্ষণিকভাবে মামলার আসামিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। পোশাক কারখানার দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে দাহ্য পদার্থ অপরিকল্পিতভাবে ব্যবহারের মাধ্যমে বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে।

তিনি আরও জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

গত রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ায় একটি লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে জিরাবো ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ১১টা ৪৪ মিনিটে উদ্ধার অভিযান শেষ করে ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে লরির ভেতর থেকে পাঁচজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। বিস্ফোরণের পর ছিটকে আসা সিলিন্ডারের অংশের আঘাতে রাস্তার পথচারী মোছাম্মত জয়নব বেগম (৫৫) ঘটনাস্থলেই মারা যান।

এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। সব মিলিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে আটজনে।

Muktomon/TA