শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান

গোয়াইনঘাট সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
গোয়াইনঘাট সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মুক্তমন রিপোর্ট : শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গোয়াইনঘাট সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ভবিষ্যতের কর্মসংস্থান ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে ভাষা, তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।

তিনি বলেন, গোয়াইনঘাট সরকারি কলেজে ছাত্রীদের লেখাপড়ায় আগ্রহ ও অংশগ্রহণ প্রশংসনীয়। শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি একাডেমিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। দূরবর্তী এলাকা থেকে আসা ছাত্রীদের পড়াশোনার সুযোগ বাড়াতে কলেজে ছাত্রীনিবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া কলেজে অনার্স চালুর জন্য প্রস্তাবিত পাঁচটি বিষয়ে দ্রুত অনুমোদনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন তিনি।

তথ্যপ্রযুক্তি শিক্ষার সুযোগ সম্প্রসারণে প্রয়োজন অনুযায়ী আরও আইসিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ইংরেজি, জাপানি, কোরিয়ান ও আরবি ভাষা শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

এ লক্ষ্যে গোয়াইনঘাট সরকারি কলেজে একটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান আরিফুল হক চৌধুরী।

সিলেটের শিক্ষা ও কর্মক্ষেত্রে ঐতিহ্যের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, একসময় এ অঞ্চলের বহু মানুষ সিভিল সার্ভিস, সামরিক বাহিনী, পুলিশ, চিকিৎসা ও প্রকৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্তমান প্রজন্মকে মানসম্মত শিক্ষা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

তিনি শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত পড়াশোনা ও দক্ষতা অর্জনের আহ্বান জানান। উচ্চমাধ্যমিক পর্যায়কে জীবনের গুরুত্বপূর্ণ বাঁক উল্লেখ করে ভবিষ্যতে কোন বিষয়ে পড়াশোনা ও কর্মজীবন গড়ে তুলবে, সে বিষয়ে আগেই লক্ষ্য নির্ধারণের পরামর্শ দেন।

মন্ত্রী আরও বলেন, তরুণ প্রজন্মকে যোগ্য, দক্ষ ও আত্মনির্ভর মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে। গোয়াইনঘাট উপজেলায় সরকারি স্থাপনা ও সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে ভবিষ্যতে তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী পুকাশ স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, গুরুকচি উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং গোয়াইনঘাট সরকারি কলেজে স্মার্ট আইটি ল্যাব উদ্বোধন করেন।

Muktomon/TA