মুক্তমন রিপোর্ট : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের হয়ে নয়, এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
লিখিত বক্তব্যে হাসান আল মামুন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণঅধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা একক ও স্বাধীনভাবে অংশ নেবেন। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নেতাকর্মীদের প্রাক-নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়েছে।
তিনি বলেন, দলীয় প্রতীক না থাকলেও গণঅধিকার পরিষদের কোনো পর্যায়ের নেতাকর্মী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলে দল তাদের রাজনৈতিক ও সাংগঠনিক সহযোগিতা করবে। কোনো এলাকায় দলের একাধিক প্রার্থী হলে উপযুক্ত প্রার্থী বাছাই করে তার প্রতি দলীয় সমর্থন দেওয়া হবে।
এ ছাড়া কোনো এলাকায় গণঅধিকার পরিষদের উপযুক্ত প্রার্থী না থাকলে সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থীর পক্ষে দলটির নেতাকর্মীরা সমর্থন জানাবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। অন্য দলের কেউ গণঅধিকার পরিষদের নীতি ও আদর্শের সঙ্গে একমত হলে দলটির প্রাথমিক সদস্য হয়ে সমর্থিত প্রার্থী হওয়ার সুযোগ পাবেন বলেও জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনটি দাবিও তুলে ধরে। দলটির প্রথম দাবি, চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য অনার্স এবং সদস্য পদে প্রার্থীদের জন্য উচ্চমাধ্যমিক পাসের যোগ্যতা নির্ধারণ করা। দ্বিতীয় দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।
তৃতীয় দাবিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে প্রস্তুত করে দ্রুত ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়েছে।
দলটির পক্ষ থেকে আরও বলা হয়, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের স্বাধীনভাবে প্রচারের সুযোগ এবং রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য ভোটারদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নেওয়ারও আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, মুখপাত্র আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম ও সাকিব হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক নীলা শেখ ও অরবিন্দু বেপারী, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক ইলিয়াস মিয়াসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
Muktomon/TA