পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বন্দরে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মুক্তমন রিপোর্ট : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় বন্দর থানা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, শেখ হাসিনা সরকারের সময় সংঘটিত গুম, হত্যা ও অন্যান্য অপরাধের বিচার হওয়া উচিত। তিনি দাবি করেন, এসব ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে। বিদেশে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি।

বন্দর থানা বিএনপির সভাপতি হাজী শাহেন শাহ আহমেদের সভাপতিত্বে এবং বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আলীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা সরকার আলম, মহিলা দলের নেত্রী দিলারা মাসুদ ময়না এবং বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনসহ নেতারা।

কর্মসূচিতে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাবু, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শিবু দাস ও সাধারণ সম্পাদক রাসেল বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে তারা দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

Muktomon/TA