সিলেটে সাংবাদিকদের সঙ্গে শফিকুর রহমানের মতবিনিময়

সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন ডা. শফিকুর রহমান
সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন ডা. শফিকুর রহমান

মুফিজুর রহমান নাহিদ : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, একটি স্বাধীন-সার্বভৌম দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির নির্বাচন কমিশনের সমালোচনা করেন। তাঁর মন্তব্য, নির্বাচন কমিশনের দৃঢ়তার ঘাটতির কারণে স্থানীয় সরকার নির্বাচন পেছানো হয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এরই মধ্যে দ্রব্যমূল্য ও মানুষের যাতায়াত ব্যয়ের ওপর এর প্রভাব পড়েছে। জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে জামায়াতের বিশেষজ্ঞ দলের দেওয়া পরামর্শ সরকার গ্রহণ করেনি বলেও দাবি করেন তিনি।

জামায়াতের বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গে তিনি দাবি করেন, দলটি আগুন দেওয়া বা ভাঙচুরের মতো কর্মকাণ্ডে জড়িত নয়। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে সরকারকেও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ জানিয়ে শফিকুর রহমান বলেন, দেশে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করা প্রয়োজন।

Muktomon/TA