মন্ত্রিসভায় অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন

অনলাইন ডেস্ক : ভ্যাট রিটার্ন বা দাখিলপত্র জমা দেওয়ার সময়সীমায় পরিবর্তন আনতে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে খসড়াটির অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রস্তাবিত সংশোধনের মাধ্যমে বর্তমানে প্রতি তিন কর মেয়াদ শেষে রিটার্ন জমা দেওয়ার যে বিধান রয়েছে, তার পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার বিধান পুনঃপ্রবর্তনের কথা বলা হয়েছে।

তবে রিটার্ন জমা দেওয়ার ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে কোনো জরিমানা ছাড়াই দাখিলপত্র জমা দেওয়া যাবে।

যেসব ক্ষেত্রে ২০ দিন সময়

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন (নিল রিটার্ন) দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বাড়তি সময় দেওয়া হয়েছে।

এ ধরনের করদাতারা সংশ্লিষ্ট কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন।

মন্ত্রিসভায় অনুমোদিত খসড়াটি ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ধারা ৬৪ সংশোধনের লক্ষ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে উপস্থাপন করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মাঠপর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় আরও গতিশীলতা আনাই এই সংশোধনের অন্যতম উদ্দেশ্য।

খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।