কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের ৬ জনের পরিচয় শনাক্ত

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের পর উদ্ধার কার্যক্রম।
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের পর উদ্ধার কার্যক্রম।

মুক্তমন রিপোর্ট : কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে ছয়জনের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ছয়জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকালে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত ছয়জন হলেন রাজধানীর বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী শিশু ফায়িজান আহম্মেদ।

নিহতদের কয়েকজনের স্বজন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আহাদ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে তাঁর পাঁচজন কাজিন ও পাঁচ বছর বয়সী এক ভাগনি রয়েছেন। এ ছাড়া তাঁর মামা মাসুদ ও মামী মেহেরুন্নেসা কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আহাদ সরকার জানান, প্রথমে অগ্নিকাণ্ডে পরিবারের ছয় সদস্যের মৃত্যুর খবর পান তিনি। পরে আরও একজনের মৃত্যুর খবর আসে। পোস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য সবার কাছে দোয়া চান তিনি।

অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ছয়জন। তাঁরা হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

আগুন লাগার পর উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী তথ্যের অপেক্ষা রয়েছে।

Muktomon/TA