সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাদে সৌর প্যানেল স্থাপন ও সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনা।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাদে সৌর প্যানেল স্থাপন ও সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনা।

মুক্তমন রিপোর্ট : আগামী গ্রীষ্মে বিদ্যুৎ সংকট সহনীয় পর্যায়ে রাখতে সৌরবিদ্যুৎ থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্যে রুফটপ সোলার ব্যবস্থা সম্প্রসারণের পাশাপাশি দেশের ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌর প্যানেল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজিত এক মতবিনিময় সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আগামী গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহের ভোগান্তি কমাতে সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে দুই মাসের মধ্যে একটি নীতিমালা তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর বিদ্যুৎ চাহিদা, আর্থিক ও কারিগরি সক্ষমতা বিবেচনায় নিয়ে সেখানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হবে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, বিশ্ববিদ্যালয়গুলোর ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে জরিপ ও পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ওপেক্স মডেলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা গেলে বিশ্ববিদ্যালয়গুলোর বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি প্রাথমিক বিনিয়োগের চাপও কমতে পারে।

সভায় বিদ্যুৎ বিভাগের সচিব, ইউজিসির সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী আগামী ৩ ও ৪ নভেম্বর ঢাকায় ‘বাংলাদেশ সোলার এক্সপো’ আয়োজনের কথাও জানান।

Muktomon/TA