ঢাকা দক্ষিণে ই-রিকশা নিবন্ধন শুরু ৩ নভেম্বর

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশা নিবন্ধন কার্যক্রমের ঘোষণা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশা নিবন্ধন কার্যক্রমের ঘোষণা।

মুক্তমন রিপোর্ট : সড়কে শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে প্রতিটি ১০০ টাকা মূল্যে আবেদন ফরম বিতরণ করা হবে।

সোমবার (২ নভেম্বর) নগর ভবনে সংবাদ ব্রিফিংয়ে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ তথ্য জানান। নগর ভবন ও সিটির সব আঞ্চলিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে।

তিনি বলেন, শুধু আবেদন করলেই নিবন্ধন পাওয়া যাবে না। নির্ধারিত শর্ত পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি মানদণ্ড ও নিরাপত্তাবিষয়ক পরীক্ষা শেষে যোগ্য ই-রিকশাকে নিবন্ধন সনদ দেওয়া হবে।

আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, দুই কপি পাসপোর্ট আকারের ছবি, ফি জমার মূল রসিদ ও নির্ধারিত ফরমে ফিটনেস সনদ জমা দিতে হবে। একজন ব্যক্তি একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ফরম সংগ্রহ করতে পারবেন।

ডিএসসিসি এলাকাকে চারটি জোনে ভাগ করে ই-রিকশার রুট নির্ধারণ ও সংখ্যা নিয়ন্ত্রণের পরিকল্পনাও রয়েছে। ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে এ ব্যবস্থা কার্যকর করা হবে।

Muktomon/TA