মুক্তমন রিপোর্ট : আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) দিনব্যাপী সরকারি সফরে খুলনা ও বাগেরহাটের মোংলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং খুলনায় শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি উদ্বোধন করবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় মোংলা বন্দরে পৌঁছে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে বন্দরের সুবিধা সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এরপর হযরত খান জাহান আলী (র.)-এর মাজার জিয়ারত শেষে খুলনা সার্কিট হাউজে যাবেন তিনি। বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করবেন।
কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফর ঘিরে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়েছে।
Muktomon/TA