মুক্তমন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাশিদা বেগম (৩২) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী মো. সুহরাফ মিয়া ওরফে সোহরাব মিয়াকে পলাতক আসামি করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মো. আসাদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ধর্মনগর এলাকায় অভিযান চালায়। অভিযানে এএসআই মো. বিল্লাল হোসেন, এএসআই মো. ওমর ফারুক, এএসআই আবুল হোসেন, এএসআই সজীবুল হাসান খান এবং নারী কনস্টেবল মোছা. রোজিনা আক্তারসহ পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানকালে ধর্মনগর এলাকার একটি পূর্বমুখী পাকা একতলা ভবনের উত্তর পাশের শয়নকক্ষে থাকা টেবিলের ডান পাশের ড্রয়ার থেকে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতার রাশিদা বেগমের দেখানো মতে এসব ইয়াবা উদ্ধার করা হয়। পরে জব্দতালিকা তৈরি করে ইয়াবাগুলো জব্দ করা হয়।
পুলিশের অভিযানের সময় রাশিদা বেগমকে আটক করা সম্ভব হলেও তার স্বামী মো. সুহরাফ মিয়া ওরফে সোহরাব মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার রাশিদা বেগমকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।