৩০ হাজার টাকা মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় বিক্ষোভ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভার-আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভার-আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ।

মুক্তমন রিপোর্ট : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার অন্তত ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধের পর কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকে কর্মবিরতি পালন করেন এবং বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন। তাঁদের আন্দোলনের মুখে ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

জানা গেছে, সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম, টাউজার লাইন ও নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা কারখানা থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও তাঁদের সঙ্গে আন্দোলনে যোগ দেন।

দুপুর ১২টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এ সময় তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে জড়ো হয়ে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। তাঁরা মহাসড়ক অবরোধ করলে বিকেল ৫টার দিকে পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তাঁদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তকরণ বন্ধ এবং ছাঁটাই বন্ধ করা। বিভিন্ন অজুহাতে ইচ্ছামতো শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদেও তাঁরা আন্দোলনে নেমেছেন।

কমফোর্ট কালেকশন নামের একটি পোশাক কারখানার অপারেটর রাজু আহমেদ বলেন, তাঁদের কারখানায় হেলপারদের বেতন ৮ হাজার থেকে সাড়ে ৮ হাজার টাকা। অন্য অনেক কারখানায় এ বেতন বেশি। পাশাপাশি অন্য কারখানায় হাজিরা বোনাস ১ হাজার ৫০০ টাকা দেওয়া হলেও তাঁদের কারখানায় দেওয়া হয় মাত্র ৫০০ টাকা। ন্যায্য মজুরি ও ভাতার দাবিতেই তাঁরা রাস্তায় নেমেছেন বলে জানান তিনি।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকরা তিনটি প্রধান দাবি নিয়ে আন্দোলন করছেন। এর মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ অন্যতম। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

Muktomon/TA