মুক্তমন রিপোর্ট : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি হটলাইন নম্বর ১০২ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আন্তর্জাতিক ম্যারাথন আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি। আগামী ২৮ নভেম্বর রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট সড়কে চারটি ক্যাটাগরিতে এ ম্যারাথন অনুষ্ঠিত হবে।
রোববার (১ নভেম্বর) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘রান অ্যান্ড রাইজ ফর হিউম্যানিটি, রিকল ১০২’ স্লোগানে আয়োজিত ‘ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’-এর জার্সি ও মেডেল উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি ও মেডেল উন্মোচন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
এ সময় বিভিন্ন রানার্স কমিউনিটির সদস্য, পেসার, সংবাদকর্মী, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, এ আয়োজনের মাধ্যমে ফায়ার সার্ভিসের জরুরি হটলাইন নম্বর ১০২ প্রচারে সহযোগিতার জন্য স্পন্সর প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। একই সঙ্গে হটলাইন নম্বরটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করতে রানার্স কমিউনিটির সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। পরে ম্যারাথন নিয়ে নির্মিত একটি প্রচারমূলক ভিডিও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) এবং ম্যারাথনের রেস ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন।
এ ছাড়া ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ নিয়ে নির্মিত প্রচারমূলক ভিডিও এবং সংস্থাটির অপারেশনাল কর্মকাণ্ডের ওপর তৈরি ‘আগুনের আর্তনাদ’ শিরোনামের গানের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
আয়োজকরা জানান, আগামী ২৮ নভেম্বর পূর্বাচলের ৩০০ ফুট সড়কে চারটি ক্যাটাগরিতে ম্যারাথন অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারীদের জন্য থাকছে ২১ দশমিক ১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার দৌড়। শিশুদের জন্য রাখা হয়েছে ১ দশমিক ০২ কিলোমিটারের বিশেষ দৌড়।
অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ ব্যবহারে মানুষকে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
Muktomon/TA