মুক্তমন রিপোর্ট : মৎস্য অধিদফতরের ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (NOC) বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ায় ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।
মৎস্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে গত ২২ সেপ্টেম্বর ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এরপর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে।
আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ মৎস্য অধিদফতরের একটি চিঠি আমদানিকারকদের কাছে এসেছে। ওই চিঠিতে বেশ কয়েকটি অনাপত্তি সনদ বাতিলের কথা জানানো হয়েছে। এর ফলে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে এবং আমদানিকারকরা সমস্যায় পড়েছেন।
বড় ক্ষতির আশঙ্কা আমদানিকারকদের
হঠাৎ করে ইলিশ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
ইলিশ আমদানিকারক সৈয়্যদ মহিদুল হক রুবাই বলেন, আকস্মিকভাবে আমদানি বন্ধ হয়ে যাওয়ায় তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
তিনি জানান, বাংলাদেশে আনার উদ্দেশ্যে ভারতে তাদের কেনা ইলিশ মজুত করে রাখা হয়েছিল। এখন সেগুলো কম দামে ফেরত দিতে হতে পারে। এর সঙ্গে আমদানি প্রক্রিয়ায় হওয়া অন্যান্য খরচের ক্ষতিও যোগ হবে।
এদিকে ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের ফলে ভারত থেকে ইলিশ আমদানির কার্যক্রম কবে আবার শুরু হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন কোনো তথ্য জানানো হয়নি।