বীরগঞ্জে কে. এস. ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বীরগঞ্জে কে. এস. ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান
বীরগঞ্জে কে. এস. ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান

রনজিৎ সরকার রাজ : দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে কে. এস. ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার লক্ষ্যে ঝাড়বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হান্নান সরকার।

প্রধান অতিথির বক্তব্যে রেজওয়ানুল ইসলাম বলেন, খেলাধুলা তরুণদের সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও বিভিন্ন ধরনের অপসংস্কৃতি থেকে দূরে রাখা সম্ভব। তিনি বীরগঞ্জের বিভিন্ন এলাকায় এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আকাশ চৌধুরী এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মানিকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।

এ সময় মাঠে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক ও স্থানীয় বাসিন্দা।

আয়োজকেরা জানান, টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে নতুন প্রতিভা খুঁজে বের করার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ফুটবলকে কেন্দ্র করে এলাকার তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও জোরদার হবে বলে প্রত্যাশা তাদের।

ঝাড়বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয়দের মধ্যে ইতোমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।