সকালে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ চার দেশ

File Photo
File Photo

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের কোশি প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আঘাত হানা এ ভূমিকম্পে বাংলাদেশসহ ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপিয়ান-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ২ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। উৎপত্তিস্থলের অবস্থান ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের মাঙ্গান শহরের ৬৭ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

ভূমিকম্পের পর ভারতের বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের বেশ কয়েকটি জেলায় বাসিন্দারা ভূমিকম্পের কম্পন টের পেয়েছেন। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে নেপালের পার্শ্ববর্তী দেশগুলোতেও ভূমিকম্পের প্রভাব অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে বাংলাদেশ, ভুটান ও চীনের বিভিন্ন এলাকার কথাও উল্লেখ করা হয়েছে।

তবে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো প্রাণহানি, আহত হওয়ার ঘটনা কিংবা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।