মিল্কভিটার পর এবার বেসরকারি কোম্পানিগুলোও প্যাকেটজাত তরল দুধের দাম বাড়িয়েছে। কোম্পানিভেদে প্রতি লিটারে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত দাম বাড়ানোর পর বর্তমানে খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের এক লিটার তরল দুধ ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, বেসরকারি কোম্পানিগুলোর আধা লিটার প্যাকেটজাত দুধের দামও বেড়েছে। বর্তমানে ব্র্যান্ডভেদে আধা লিটার দুধ ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে গত আগস্টের শুরুতে মিল্কভিটা তাদের পাস্তুরিত তরল দুধের দাম প্রতি লিটারে ১০ টাকা বাড়ায়। ফলে খুচরা বাজারে মিল্কভিটার এক লিটার দুধের দাম দাঁড়ায় ১১০ টাকা। একই সময়ে ৫০০ মিলিলিটারের স্ট্যান্ডার্ড (লো ফ্যাট) দুধের দাম ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা করা হয়। আধা লিটার টোন্ড মিল্কের দামও ৫ টাকা বেড়ে হয় ৫৫ টাকা।
মিল্কভিটার দাম বাড়ানোর প্রায় দেড় মাস পর বেসরকারি কোম্পানিগুলোও তরল দুধের দাম সমন্বয় করল। বাজারে আড়ং, প্রাণ ও ফার্মফ্রেশসহ বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধ পাওয়া যায়। দাম বৃদ্ধির পর এসব ব্র্যান্ডের এক লিটার দুধ ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। আধা লিটারের প্যাকেটের দাম রাখা হচ্ছে প্রায় ৫৫ টাকা।
উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ভাষ্য, দুধ উৎপাদন ও বাজারজাতকরণের বিভিন্ন খাতে ব্যয় বেড়েছে। বিশেষ করে পরিবহন খরচ, দুধ সংগ্রহকারীদের মজুরি, প্যাকেজিংসামগ্রী, গোখাদ্য এবং গ্যাস-বিদ্যুতের ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় আগের তুলনায় বেড়েছে। এসব ব্যয় বিবেচনায় নিয়ে দুধের দাম সমন্বয় করা হয়েছে।
এর আগে মিল্কভিটার পক্ষ থেকে দাম বাড়ানোর কারণ হিসেবে জানানো হয়েছিল, প্রতি লিটার দুধ উৎপাদনে প্রতিষ্ঠানটির খরচ আগের তুলনায় প্রায় ১১ থেকে সাড়ে ১১ টাকা বেড়েছে।
এদিকে দুধের পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়ছে। চলতি মাসের শুরুতে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়েছে কোম্পানিগুলো। অন্যদিকে দীর্ঘদিন ধরে বাজারে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি প্রায় ২০০ টাকা এবং ডিমের দাম প্রতি ডজন ১৫০ টাকার আশপাশে রয়েছে।
Muktomon/TA