মুক্তমন রিপোর্ট : জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিআরটিএর বনানী কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এটি এখনো প্রস্তাব পর্যায়ে রয়েছে; চূড়ান্ত সিদ্ধান্তের পরই নতুন ভাড়া কার্যকর হবে।
সড়ক পরিবহন মালিক সমিতির প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে বর্তমানে কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা ভাড়া থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার কথা বলা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া ডিটিসি এলাকার মিনিবাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব রয়েছে।
বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এএসএম আহমেদ খোকন জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর নতুন ভাড়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
এদিকে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মূল্য সমন্বয় করা ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দাম বাড়ানোর কারণে জনগণের যে কষ্ট হবে, তার জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পাশাপাশি বিমার প্রিমিয়াম ও জাহাজ ভাড়াও বেড়েছে। এসব পরিস্থিতির প্রভাবে সরকারকে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার নিরুপায় না হলে এমন সিদ্ধান্ত নিতে চাইত না। সংকট কেটে পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি তেলের দাম আবার সমন্বয় করে আগের পর্যায়ে বা তার চেয়েও কমিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
এরই মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর রাজধানীর বিভিন্ন রুটে সরকারি সিদ্ধান্তের আগেই কিছু বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।