মুক্তমন রিপোর্ট : আন্তর্জাতিক ই-কমার্স ও ব্যবসায়িক বাজারে নিজেদের উপস্থিতি বাড়াতে বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন বাণিজ্য প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমের ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের কসমেটিকস, স্কিনকেয়ার, পারসোনাল কেয়ার, হোমকেয়ার ও বেবিকেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।
এ লক্ষ্যে আলিবাবার বাংলাদেশি এজেন্ট স্কাইটেক গ্লোবাল লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে রিমার্ক। এর ফলে আন্তর্জাতিক ক্রেতারা আলিবাবা প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের পণ্য, প্যাকেজিং সামগ্রী এবং উৎপাদনসংশ্লিষ্ট সেবা সংগ্রহের সুযোগ পাবেন।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর শুভ কুমার সাহা এবং স্কাইটেক গ্লোবালের চিফ অপারেটিং অফিসার রিদওয়ান আহমেদ চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে রিমার্কের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আরিফুল ইসলাম, রিমার্ক সুপার প্যাক চ্যানেলের প্রধান জয়ন্ত সরকার এবং স্কাইটেক গ্লোবালের অপারেশন ম্যানেজার ফয়সাল মাহমুদ দোলন ও সিনিয়র এক্সিকিউটিভ সাকিব খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় প্রাথমিক পর্যায়ে আলিবাবা প্ল্যাটফর্মে রিমার্কের লিলি, নিওর, সিওডিল, স্কিনমিন্ট, অরিক্স, সানবিট, একনল ও লিটল ওয়ানসহ বিভিন্ন ব্র্যান্ডের এক হাজারের বেশি পণ্য তালিকাভুক্তির প্রক্রিয়া চলছে। এসব পণ্যের মধ্যে রয়েছে স্কিনকেয়ার, পারসোনাল কেয়ার, কালার কসমেটিকস, হেয়ার কেয়ার, হোমকেয়ার ও বেবিকেয়ার সামগ্রী।
পর্যায়ক্রমে পণ্যের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। খুচরা ও পাইকারি অর্ডারের পাশাপাশি কাস্টমাইজড প্যাকেজিং, মোল্ড, বিভিন্ন ধরনের মেশিনারি এবং উৎপাদনসংশ্লিষ্ট সেবাও আন্তর্জাতিক ক্রেতাদের জন্য উন্মুক্ত করা হবে।
স্কাইটেক গ্লোবালের সিওও রিদওয়ান আহমেদ বলেন, আলিবাবার সঙ্গে যুক্ত হওয়ার ফলে তৈরি পণ্যের পাশাপাশি উৎপাদন ও প্যাকেজিং খাতের আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গেও রিমার্কের ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। নিজস্ব ব্র্যান্ডের জন্য কসমেটিকস, স্কিনকেয়ার ও পারসোনাল কেয়ার পণ্য উৎপাদন কিংবা কাস্টমাইজড প্যাকেজিং নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোও এ প্ল্যাটফর্মের মাধ্যমে রিমার্কের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
স্কাইটেকের অপারেশন ম্যানেজার ফয়সাল মাহমুদ দোলন বলেন, আন্তর্জাতিক বিটুবি প্ল্যাটফর্মে রিমার্কের পণ্য তালিকাভুক্তির ফলে বিশ্বব্যাপী ক্রেতাদের কাছে পণ্য উপস্থাপন ও ব্যবসায়িক যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে। এ কার্যক্রমে প্রযুক্তিগত সমন্বয়, পণ্য ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
রিমার্কের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আরিফুল ইসলাম বলেন, আলিবাবাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠানের উপস্থিতি আরও সুসংহত করার লক্ষ্য রয়েছে। বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়া এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে এ প্ল্যাটফর্ম ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর শুভ কুমার সাহা বলেন, এ সংযুক্তির মাধ্যমে রিমার্কের গ্লোবাল ব্র্যান্ডগুলোর আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের উৎপাদন সক্ষমতা ও পণ্যের গুণগত মান আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরাও সহজ হবে।
রিমার্কের নিজস্ব কারখানায় গবেষণা ও উন্নয়ন, উন্নত ফর্মুলেশন, আধুনিক উৎপাদন প্রযুক্তি এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থার সমন্বয়ে কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য তৈরি করা হয়। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এসব পণ্য থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।
উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি আইএসও ও সিজিএমপি সনদের পাশাপাশি বিএসটিআই ও হালাল সনদ এবং গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে বলে জানানো হয়েছে।
Muktomon/TA