মুক্তমন রিপোর্ট : আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ছেড়ে দিলে চলবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। পুলিশকে সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পুলিশের সীমিত জনবল ও সম্পদের বিষয়টি বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণকেও সহযোগী ভূমিকা পালন করতে হবে। সম্ভাব্য নাশকতার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
মাদক নিয়ন্ত্রণে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আন্তঃজেলা সমন্বয়ের মাধ্যমে ধারাবাহিক অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া ব্যক্তিদের পরিচয় ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
জুয়া প্রতিরোধে অভিযান অব্যাহত রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান প্রতিমন্ত্রী। বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পর্যায়ক্রমে সিসিটিভির আওতায় আনার পাশাপাশি অচল ক্যামেরাগুলো সচল করার কথাও বলেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বাংলাদেশ টেলিভিশনকে আরও আধুনিক ও জনবান্ধব করার উদ্যোগের কথা জানান। সরকারি জনকল্যাণমূলক কর্মসূচির তথ্য জনগণের কাছে পৌঁছাতে গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, বিলবোর্ড ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ওপরও গুরুত্ব দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে সত্যতা যাচাই করার আহ্বান জানিয়ে মিথ্যা তথ্য, অপতথ্য ও গুজব ছড়ানো থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
সভা শেষে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী। পরে স্থানীয় বাজারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেন তিনি।
সভায় নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সার্কেল এসপি দেবাশীষ কর্মকার, নান্দাইল মডেল থানার ওসি মো. আজাহারুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Muktomon/TA