আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বিপরীতে লাফায়েট পার্ক এলাকায় দুটি পৃথক নিরাপত্তা ঘটনার পর প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তরকে সাময়িকভাবে লকডাউন করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে মার্কিন সিক্রেট সার্ভিস।
সোমবার (৯ নভেম্বর) সকালে প্রথম ঘটনায় একটি গাড়ি লাফায়েট পার্কের উত্তর পাশের ফুটপাতে উঠে নিরাপত্তাসংক্রান্ত একটি সাইনবোর্ডের খুঁটিতে ধাক্কা দেয়। একই সময়ে পার্কের উত্তর-পশ্চিম কোণে ব্যারিকেড টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করেন আরেক ব্যক্তি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রুপালি রঙের একটি সেডান গাড়ি লাফায়েট স্কয়ারের উত্তর প্রান্তের ফুটপাতে উঠে সাইনবোর্ডের খুঁটিতে আঘাত করে। গাড়ি থেকে ধোঁয়া বের হওয়ার সময় চালক বেরিয়ে আসেন এবং নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান। পরে তাঁকে হেফাজতে নেওয়া হয়।
সিক্রেট সার্ভিসের এক প্রতিনিধি এএফপিকে জানান, স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে ১৬তম স্ট্রিট ও এইচ স্ট্রিট এনডব্লিউয়ের সংযোগস্থলের কাছে গাড়িটি ফুটপাতে উঠে পড়ে। চালক আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করলেও তাঁকে দ্রুত গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, লাফায়েট পার্কের উত্তর-পশ্চিম কোণে ব্যারিকেড টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করা ব্যক্তিকেও আটক করেন নিরাপত্তাকর্মীরা।
ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরে ছিলেন। নিরাপত্তার স্বার্থে প্রেসিডেন্ট ভবনের আশপাশে চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়। পাশাপাশি লাফায়েট পার্কের চারপাশের কয়েকটি সড়ক বন্ধ রাখা হয়।
দুই ব্যক্তিকে গ্রেপ্তার এবং নিরাপত্তা অভিযান শেষ হওয়ার পর লকডাউন তুলে নেওয়া হয়। এলাকাটিও আবার স্বাভাবিক চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, উভয় ঘটনা তদন্তাধীন। দুর্ঘটনার পেছনে কোনো উদ্দেশ্য ছিল কি না এবং কেউ আহত হয়েছেন কি না—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
হোয়াইট হাউসের ঠিক বিপরীতে পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ের অপর পাশে অবস্থিত লাফায়েট পার্ক একটি গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল। নিরাপত্তা ঘটনার পর সেখানে এবং আশপাশের এলাকায় সাময়িকভাবে নিরাপত্তা জোরদার করা হয়।
Muktomon/TA