কর্ণফুলীতে পিএবি সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

চট্টগ্রামের কর্ণফুলীতে পিএবি মহাসড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল।
চট্টগ্রামের কর্ণফুলীতে পিএবি মহাসড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল।

মুক্তমন রিপোর্ট : চট্টগ্রামের কর্ণফুলীতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় চট্টগ্রাম-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে ১৫ থেকে ২০ জন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তাঁদের মধ্যে কয়েকজন মহাসড়কের ওপর টায়ার জ্বালান। এ সময় তাঁরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবি জানানোর পাশাপাশি ‘শিক্ষা, শান্তি, প্রগতি’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, ভিডিওটি কর্ণফুলীর কৈয়গ্রাম এলাকার। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ এবং আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা আসিফসহ কয়েকজনকে দেখা গেছে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের বাড়ি কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, মিছিলের বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে সকাল ৬টার দিকে মহাসড়ক থেকে দুটি পোড়া টায়ার উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Muktomon/TA