মুক্তমন রিপোর্ট : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলায় সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহারের শাড়ি বিতরণ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। এ সময় তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং তাদের পাশে রয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) উপজেলা প্রশাসন, মানিকগঞ্জ সদরের আয়োজনে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সনাতন ধর্মাবলম্বীদের দুঃখ-দুর্দশা লাঘব ও কল্যাণে কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান সরকারও তাদের পাশে রয়েছে।
খাদ্যমন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় এবার আগের তুলনায় বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আগে যেখানে ৫০০ কেজি চাল বরাদ্দ ছিল, এবার সেখানে ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি সংসদীয় আসনের জন্য ৪ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার বিতরণ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি পূজার দিনে পরার জন্য তিনি সুবিধাভোগীদের প্রতি আহ্বান জানান।
সরকার মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, এসব উদ্যোগের লক্ষ্য যেন কোনো মানুষ নিজেকে অসহায় মনে না করেন। দেশের স্বার্থে, নিজ নিজ এলাকার উন্নয়নে এবং সুন্দর মানিকগঞ্জ গড়ে তুলতে সবাইকে সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জেলার উন্নয়নে সবার সহযোগিতা ও আন্তরিকতা কামনা করেন।
বক্তব্যের শেষে উপস্থিত সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান খাদ্যমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী গৌরাঙ্গ বাবু প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সনাতন ধর্মাবলম্বীদের নিয়মিত সহায়তা করায় খাদ্যমন্ত্রী আফরোজা খানমের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি পেয়ে আনন্দ প্রকাশ করেন মানিকগঞ্জ সদর উপজেলার দীপালী রানী (৭৫) ও সাটুরিয়া উপজেলার অনিতা সরকার (৭৭)। তারা এ উপহারের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং খাদ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।
মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক এবং সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে খাদ্যমন্ত্রী আফরোজা খানম মানিকগঞ্জ সদর উপজেলার ডাউটিয়া বাজার সার্বজনীন দুর্গামন্দির, ঘোনা সদরপুর ছোট কালীবাড়ি মন্দির ও বাংলাদেশ হাট সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন।
এ ছাড়া সাটুরিয়া উপজেলার সার্বজনীন হরিসভা দুর্গামন্দির, নিরাবনের আঙ্গিনার সার্বজনীন দুর্গামন্দির, শ্রী শ্রী কালী মন্দির সার্বজনীন সংঘ, পাতিলাপাড়া আনন্দ সূত্রধরের বাড়ি দুর্গামন্দির, জালশুকা নাশুরপুর যুবসংঘ সার্বজনীন দুর্গামন্দির, বালিয়াটি চিন্ময় সংঘ দুর্গামন্দির, রামকৃষ্ণ মিশন মন্দির, ভাণ্ডারীপাড়া সার্বজনীন দুর্গামন্দির এবং পুকুরহাটি মাঝিপাড়া সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান খাদ্যমন্ত্রী। পূজার সার্বিক নিরাপত্তা ও আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি প্রতিটি মন্দিরে আর্থিক অনুদান দেন তিনি।
Muktomon/TA