মুক্তমন রিপোর্ট : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের আবেদন গ্রহণ না করে তা পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)।
সোমবার (১৯ অক্টোবর) সংগঠনের আহ্বায়ক সাইফুর সাগর ও সদস্য সচিব আহসান কামরুল এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সম্মুখযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে ইশরাক হোসেনের ভূমিকা বিবেচনায় নিয়ে তাঁর পদত্যাগের আবেদন পুনর্বিবেচনা করা প্রয়োজন।
জেজেইউ জানায়, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ইতিবাচক হলেও প্রতিমন্ত্রীর অস্ত্র প্রদর্শনের বিষয়টি ভুল ছিল। এ ঘটনায় তিনি সংবাদ সম্মেলনে দুঃখপ্রকাশ করেছেন এবং কী পরিস্থিতিতে অস্ত্র প্রদর্শন করেছিলেন, তা ব্যাখ্যা করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, মাদক কারবারিদের হামলার মুখে তিনি অস্ত্র প্রদর্শন করতে বাধ্য হয়েছিলেন। সরকারের মাদকবিরোধী অবস্থানের স্বার্থে তাঁর পদত্যাগের আবেদন গ্রহণ না করে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে আরও বলা হয়, ইশরাক হোসেনের পদত্যাগ কার্যকর হলে ঢাকাসহ সারা দেশে মাদক কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে বলে মনে করে জেজেইউ। সংগঠনটির মতে, এমন পরিস্থিতি কারও জন্যই কাম্য নয়।
জেজেইউ বিবৃতিতে উল্লেখ করে, প্রতিমন্ত্রী হওয়ার পরও ইশরাক হোসেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের পাশে ছিলেন। তাঁর পদত্যাগ কার্যকর হলে জুলাইবিরোধী পক্ষ আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মনে করে সংগঠনটি।
তবে ইশরাক হোসেনের সব কার্যক্রম ও চিন্তা-চেতনার সঙ্গে সংগঠনের সদস্যরা একমত নন বলে বিবৃতিতে জানানো হয়। একই সঙ্গে জুলাইয়ের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকার বিষয়ে সংগঠনটি গুরুত্বারোপ করে।
জেজেইউ আশা প্রকাশ করে, বর্তমান ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইশরাক হোসেন ভবিষ্যতে আরও পরিণত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং এ ধরনের ভুলের পুনরাবৃত্তি করবেন না। একই সঙ্গে তাঁর পদত্যাগের আবেদন গ্রহণ না করে বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানায় সংগঠনটি।
Muktomon/TA