মুক্তমন রিপোর্ট : নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন মোঃ আতাউর রহমান খান, এনডিসি। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের ২৫ মে তিনি সরকারের সচিব পদে পদোন্নতি লাভ করেন।
সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৮তম ব্যাচের কর্মকর্তা আতাউর রহমান খান ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), ভৌত অবকাঠামো বিভাগ, শিল্প ও জ্বালানি বিভাগ এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং বিভাগ।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে দায়িত্ব পালনকালে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রাখেন তিনি। এ ছাড়া বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের (বিডিসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় দেশের ডিজিটাল অবকাঠামো ও ডেটা সেন্টার সেবার উন্নয়নে কৌশলগত নেতৃত্ব দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কর্মজীবনে আতাউর রহমান খান দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, সরকারি আর্থিক ব্যবস্থাপনা, আলোচনা ও সমঝোতার কৌশল, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড (আইএফআরএস), বৈদেশিক বাণিজ্য উন্নয়ন, ডিজিটাল যুগে নীতিনির্ধারণ এবং উন্নয়ন প্রকল্পের আর্থিক ও অর্থনৈতিক মূল্যায়ন বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর—উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। পরে জাপানের ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ (জিআরআইপিএস) থেকে যৌথ জাপান-এশীয় উন্নয়ন ব্যাংক বৃত্তি কর্মসূচির আওতায় মাস্টার অব পাবলিক পলিসি (এমপিপি) ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যের লিভারপুল হোপ ইউনিভার্সিটি থেকে পরিবেশ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন তিনি। এ ছাড়া ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দেশের নৌপরিবহন খাতের উন্নয়ন, সমুদ্র ও নৌবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি, নৌপথের কার্যকর ব্যবস্থাপনা এবং নিরাপদ, আধুনিক ও দক্ষ নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন আতাউর রহমান খান। এসব উদ্যোগের মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
Muktomon/TA