মুক্তমন রিপোর্ট : মিয়ানমার থেকে বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সফররত জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের (Julie Isabel Bishop) নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এ সহযোগিতা চান।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘদিন ধরে এ দেশে অবস্থান পরিবেশ ও প্রতিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক অগ্রগতির ক্ষেত্রেও এটি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
এ সময় রোহিঙ্গাদের দীর্ঘদিন আশ্রয় ও আতিথেয়তা দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান জাতিসংঘের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপ। প্রত্যাবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানবিক মনোভাব অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ দূত বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানান এবং রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন উপস্থিত ছিলেন।
জাতিসংঘের প্রতিনিধি দলে আরও ছিলেন সিনিয়র পলিটিক্যাল অফিসার ডানকান কেইথ উইলসন এবং পাবলিক ইনফরমেশন অফিসার ফনু পায়ে থেট চায়েল (Fnu Pyae Thet Chael) প্রমুখ।
Muktomon/TA