মুক্তমন রিপোর্ট : ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ চারু শর্মা দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম সঞ্চালনা করে পরিচিতি পেয়েছেন। এবার বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্ট ডি থ্রি-এর নিলাম পরিচালনা করছেন তিনি। আর তাঁর বাংলাদেশে আসার পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের একটি ফোনকলই ছিল বলে জানিয়েছেন চারু শর্মা।
সোমবার (২৬ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চারু শর্মা বলেন, তামিমের আমন্ত্রণে কিছুটা ব্যস্ততা থাকা সত্ত্বেও বাংলাদেশে আসতে রাজি হন তিনি। এখানে এসে নিজেকে নিজের বাড়িতে আছেন বলে মনে হচ্ছে বলেও জানান এই নিলাম সঞ্চালক।
বাংলাদেশ সফর প্রসঙ্গে চারু শর্মা বলেন, অতীতেও কয়েকবার বাংলাদেশে এসেছেন তিনি। তবে প্রথম সফরটি ঠিক কবে, তা মনে নেই। সম্ভবত ২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় প্রথম বাংলাদেশে এসেছিলেন। সেই সফরে অনেক বন্ধুত্ব হয়েছিল এবং প্রতি রাতে ঘুরতে বের হতেন বলে জানান তিনি। বাংলাদেশের ধারাভাষ্যকারদের মধ্যে শামীম চৌধুরীর সঙ্গে তাঁর বন্ধুত্বের কথাও উল্লেখ করেন।
ডি থ্রি টুর্নামেন্টের নিলাম আয়োজনের প্রশংসা করে চারু শর্মা বলেন, তামিম ইকবাল তাঁকে ফোন করে টুর্নামেন্টের কথা জানান এবং নিলাম পরিচালনার জন্য আমন্ত্রণ জানান। ব্যস্ততার কথা জানালেও তিনি আসার প্রতিশ্রুতি দেন। এর দুই-তিন দিন পরই বাংলাদেশে চলে আসেন।
নিলাম পরিচালনাকে নিজের প্রিয় কাজ উল্লেখ করে চারু বলেন, ডি থ্রি-এর নিলাম আয়োজনের ধারণাটি তাঁর ভালো লেগেছে। তবে নতুন এই পদ্ধতির সঙ্গে সবার পরিচিত হতে কিছুটা সময় লাগতে পারে। একই সঙ্গে নিলাম দীর্ঘায়িত না করে আকর্ষণীয়ভাবে পরিচালনার চেষ্টা করছেন তিনি। ‘এ’ ক্যাটাগরির নিলামকে রোমাঞ্চকর বলেও উল্লেখ করেন চারু শর্মা।
বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ডি থ্রি-এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও এগিয়ে নিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গুরুত্বপূর্ণ। অন্যদিকে, তরুণ ক্রিকেটারদের বিকাশে ডি থ্রি বিশেষ ভূমিকা রাখতে পারে।
চারু শর্মার ভাষ্য, ডি থ্রি সব ফরম্যাটে আয়োজনের পরিকল্পনা দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক উদ্যোগ। টুর্নামেন্টটি এখনো শুরুর পর্যায়ে রয়েছে এবং নিলামে আরও রোমাঞ্চকর মুহূর্ত বাকি আছে। বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানোর জন্য তামিম ইকবালকে আবারও ধন্যবাদ জানান তিনি।
Muktomon/TA