মুক্তমন রিপোর্ট : ইরাকের সুলায়মানিয়ায় চলমান এশিয়া কাপ আরচ্যারিতে দুটি ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। পুরুষ রিকার্ভ ও নারী কম্পাউন্ড দলগত ইভেন্টে স্বর্ণপদকের জন্য লড়বে বাংলাদেশের আর্চাররা। দুই ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান।
পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টে ছয়টি দেশ অংশ নিচ্ছে। বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পায় বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দলটি।
অন্য সেমিফাইনালে স্বাগতিক ইরাককে ৬-২ সেট পয়েন্টে পরাজিত করে ফাইনালে ওঠে কাজাখস্তান। পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলছেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও রাফি আব্দুল্লাহ।
নারী কম্পাউন্ড দলগত ইভেন্টে অংশ নিয়েছে চারটি দেশ। সরাসরি সেমিফাইনাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। চার সেট মিলিয়ে ২৩৩-২১৯ পয়েন্টে জয় পায় বাংলাদেশের মেয়েরা। প্রতিটি সেটেই শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ।
অন্য সেমিফাইনালে কাজাখস্তান ও স্বাগতিক ইরাকের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। চার সেট শেষে দুই দলের স্কোর সমান ২১৭ পয়েন্ট থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে ইরাক ২৭ ও কাজাখস্তান ২৯ পয়েন্ট অর্জন করে। ফলে ফাইনালে জায়গা করে নেয় কাজাখস্তান।
নারী কম্পাউন্ড দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলছেন বন্যা আক্তার, শ্রীপন্যা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি।
সূচি অনুযায়ী, নারী কম্পাউন্ড দলগত ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর। পরদিন ২৯ অক্টোবর হবে পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টের ফাইনাল। দুই ইভেন্টেই কাজাখস্তানের বিপক্ষে স্বর্ণপদকের লড়াইয়ে নামবে বাংলাদেশ।
Muktomon/TA