মুক্তমন রিপোর্ট : লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে জুয়েল হোসেন নিরব নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা শাহেদ ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জরুরি বিভাগে এমন ঘটনায় চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সদর হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। আহত জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি। অভিযুক্ত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি আগে কলেজ ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন এবং লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানা যায়, মোবাইল ফোন কেনাবেচা নিয়ে বিকেলে শাহেদ ও জুয়েলের মধ্যে বিরোধ থেকে মারামারির ঘটনা ঘটে। এতে আহত হয়ে জুয়েল চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। পরে শাহেদ তাঁর অনুসারীদের নিয়ে হাসপাতালে গিয়ে জুয়েলকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মারধর থেকে বাঁচতে জুয়েল জরুরি বিভাগের কক্ষে ঢুকলে সেখানেও তাঁকে চেয়ার দিয়ে আঘাত, কিল-ঘুষি ও লাথি মারা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও জরুরি বিভাগের ভেতরে মারধরের দৃশ্য দেখা গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
অভিযুক্ত শাহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাসিবুর রহমান অভি জানান, শাহেদ আগে দালাল বাজার কলেজ ছাত্রদলের ক্লাস কমিটির নেতা ছিলেন। বর্তমানে তাঁর কোনো পদ-পদবি নেই, তবে তিনি পৌর ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁরা জানান।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, হাসপাতালে হামলার ঘটনা দুঃখজনক। সিসিটিভি ক্যামেরায় ঘটনার দৃশ্য স্পষ্টভাবে ধারণ হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় হাসপাতালের কর্মীরাও আতঙ্কে রয়েছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Muktomon/TA