মুক্তমন রিপোর্ট : আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের মধ্যে নতুন বাংলাদেশ ও নতুন স্বপ্নের প্রতিচ্ছবি দেখার কথা উল্লেখ করে তিনি তাদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সোমবার (২৬ অক্টোবর) বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা ২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শন করেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির নির্বাচিত শিক্ষার্থী ও শিক্ষকরা এ পরিদর্শনে অংশ নেন। তাঁরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক আলাপচারিতার সুযোগ পান।
শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, বাবা-মা, শিক্ষক ও গুরুজনদের সব সময় সম্মান করতে হবে। সন্তানদের ভবিষ্যৎ গড়তে বাবা-মায়ের আত্মত্যাগের কথা স্মরণ রেখে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীরা সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারলে বাবা-মায়ের স্বপ্ন পূরণের পাশাপাশি জাতির প্রত্যাশাও পূরণ হবে।
বঙ্গভবনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন শুধু একটি ভবন নয়; এটি রাষ্ট্রের প্রতীক ও ইতিহাসের সাক্ষী। ভবিষ্যতে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। নতুন প্রজন্মের মধ্যে বঙ্গভবন, রাষ্ট্রের ইতিহাস-ঐতিহ্য এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আগ্রহ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসার পরামর্শ দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Muktomon/TA