শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত আটক

শাবিপ্রবি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত যুবক আটক
শাবিপ্রবি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত যুবক আটক

লিমন আহমদ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আনারুল মিয়া (২৭) নামে এক বহিরাগত যুবককে আটক করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ওই যুবককে আটক করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। সেখান থেকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, টিউশন শেষে হেঁটে হলে ফেরার সময় একটি মোটরসাইকেল নিয়ে ওই যুবক তাকে অনুসরণ করছিলেন। একপর্যায়ে মোটরসাইকেল থামিয়ে তিনি শিক্ষার্থীর মোবাইল নম্বর চান এবং বন্ধুত্বের প্রস্তাব দেন। এ সময় তাকে বিভিন্ন অশালীন কথাও বলা হয় বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী।

পরে বিষয়টি তিনি বন্ধুদের ফোনে জানান। খবর পেয়ে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ওই যুবককে আটক করেন।

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এহসান ফেরদৌস মাহিন বলেন, রাত ১১টার দিকে তাঁর এক বন্ধু ফোন করে জানান, একজন মোটরসাইকেল নিয়ে তাঁকে অনুসরণ ও উত্ত্যক্ত করছেন। পরে শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, হলের নিরাপত্তাকর্মীরা ওই বাইকারকে আটক করে রেখেছেন। পরে তাকে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী শোয়াইবুর রহমান বলেন, “আমরা টিচার্স কোয়ার্টারের সামনে তাকে আটকাই। পরে আরও অনেক শিক্ষার্থী সেখানে আসেন। এরপর তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, “আমরা অভিযুক্তকে পুলিশের কাছে দিয়েছি। দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তাঁর নিরাপত্তার বিষয়টিও আমরা গুরুত্বের সঙ্গে দেখব।”

এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসের কয়েকটি সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। পাশাপাশি রাত ১১টার পর অটোরিকশা চলাচল না করায় রাতে যাতায়াতে নিরাপত্তাঝুঁকি তৈরি হচ্ছে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব কারণে বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ক্যাম্পাসের অন্ধকার সড়কগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং রাতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

সিলেট প্রতিনিধি

Muktomon/TA