মির্জা আব্বাসকে বরণে শাহজালাল বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীরা

চিকিৎসা শেষে দেশে ফেরা মির্জা আব্বাসকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ভিড়
চিকিৎসা শেষে দেশে ফেরা মির্জা আব্বাসকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ভিড়

মুক্তমন রিপোর্ট : সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তার দেশে ফেরাকে কেন্দ্র করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মির্জা আব্বাসকে স্বাগত জানাতে সেখানে অবস্থান নেন।

এ সময় অনেকের হাতে দলীয় পতাকা ও ব্যানার দেখা যায়। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। দীর্ঘদিন পর দলের এই প্রবীণ নেতা দেশে ফেরায় তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা মির্জা আব্বাসের দেশে ফেরাকে ঘিরে তারা স্বতঃস্ফূর্তভাবে বিমানবন্দরে এসেছেন। তার আগমনের মধ্য দিয়ে দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও জোরদার হবে বলে তারা আশা করছেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা ইমাম শরিফ বাবু বলেন, দলের দুঃসময়ে মির্জা আব্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ চিকিৎসা শেষে তিনি দেশে ফিরছেন—তাকে স্বাগত জানাতেই তারা বিমানবন্দরে এসেছেন।

তুরাগ থানা যুবদল নেতা মামুন বলেন, মির্জা আব্বাস দলের একজন প্রবীণ ও জনপ্রিয় নেতা। তার দেশে ফেরায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতিই তার প্রতি তাদের ভালোবাসা ও আস্থার প্রতিফলন।

পরিবারের সদস্য ও বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ফ্লাইটটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর তাকে মালয়েশিয়ায়ও চিকিৎসা দেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।