জেনেভা চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেল নাজিফা তুষির ‘অ্যানি’

 জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারজয়ী ‘অ্যানি’ সিরিজের দৃশ্যে নাজিফা তুষি
জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারজয়ী ‘অ্যানি’ সিরিজের দৃশ্যে নাজিফা তুষি

বিনোদন ডেস্ক : সুইজারল্যান্ডের ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফিউচার ইজ সেনসিবল’ পুরস্কার জিতেছে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ ‘অ্যানি’। রোববার (৮ নভেম্বর) উৎসবের সমাপনী দিনে পুরস্কার ঘোষণা করা হয়। সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করা নাজিফা তুষি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সুখবর জানিয়েছেন।

‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্র নির্মাণ করে আলোচনায় আসা আবদুল্লাহ মোহাম্মদ সাদ দীর্ঘ পাঁচ বছর পর নতুন কাজ নিয়ে ফিরছেন। গত জুনে ‘অ্যানি’ সিরিজের খবর প্রকাশ্যে আসে। এর আগে জার্মানির সেরিয়েনক্যাম্প উৎসবেও জায়গা করে নিয়েছিল সিরিজটি।

জেনেভা উৎসবে পুরস্কার জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে নাজিফা তুষি বলেন, ‘ফিউচার ইজ সেনসিবল’ বিভাগটি তাঁর কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এ বিভাগে এমন গল্পকে স্বীকৃতি দেওয়া হয়, যেগুলো শুধু বিনোদন দেয় না; বরং মানবিক মূল্যবোধ তুলে ধরে, নানা প্রশ্নের জন্ম দেয় এবং বর্তমান পৃথিবী ও ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখায়।

‘অ্যানি’ চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরে তুষি জানান, চরিত্রটির নীরবতা, আবেগ, দুর্বলতা ও শক্তির জায়গাগুলো বুঝে উঠতে তাঁকে সময় দিতে হয়েছে। একপর্যায়ে চরিত্রটিকে শুধু অভিনয়ের বিষয় মনে হয়নি; বরং ধীরে ধীরে একজন মানুষকে চেনার মতো অভিজ্ঞতা হয়েছে। অ্যানির মধ্য দিয়ে নিজের সম্পর্কেও নতুন কিছু আবিষ্কার করেছেন বলে জানান তিনি।

পুরস্কার জয়ে উৎসবের জুরি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তুষি। পাশাপাশি সিরিজের নির্মাতা সাদসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানিয়েছেন তিনি। অ্যানি চরিত্রটি দীর্ঘদিন নিজের সঙ্গে থেকে যাবে বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

‘অ্যানি’তে নাজিফা তুষির সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠুসহ আরও অনেকে। সিরিজটি মুক্তি পাবে আইস্ক্রিনে। তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

Muktomon/TA