বিনোদন ডেস্ক : রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ’ সিনেমা নিয়ে বক্স অফিসে আলোচনা চললেও নিজের নতুন সিনেমা ‘সিন’ দিয়ে সাফল্যের জানান দিয়েছেন দক্ষিণী অভিনেতা সুরিয়া। মুক্তির প্রথম দিনেই ভারতে ১৯ কোটি ১৫ লাখ রুপি আয় করেছে সিনেমাটি। বিশ্বব্যাপী এর উদ্বোধনী আয় ৩৪ কোটি ২৫ লাখ রুপি।
শুক্রবার (৬ নভেম্বর) দীপাবলির আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় জিতু মাধবন পরিচালিত ‘সিন’। ২০২৬ সালে মুক্তি পাওয়া সুরিয়ার তিনটি সিনেমার মধ্যে প্রথম দিনের আয়ের হিসাবে এটিই সবচেয়ে সফল।
বক্স অফিসবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে সিনেমাটির তামিল সংস্করণ থেকে আয় হয়েছে ১৬ কোটি ১৫ লাখ রুপি। ডাব করা সংস্করণ থেকে এসেছে আরও ৩ কোটি রুপি। সব মিলিয়ে ভারতীয় বাজারে প্রথম দিনের নেট আয় দাঁড়িয়েছে ১৯ কোটি ১৫ লাখ রুপি।
এর আগে মে মাসে মুক্তি পাওয়া সুরিয়ার ‘কারুপ্পু’ প্রথম দিনে আয় করেছিল ১৫ কোটি ৫০ লাখ রুপি। আগস্টে মুক্তি পাওয়া ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’-এর উদ্বোধনী আয় ছিল ১৫ কোটি ৩৫ লাখ রুপি। সেই হিসাবে নিজের আগের দুই সিনেমার প্রথম দিনের আয়ের রেকর্ড ছাড়িয়েছে ‘সিন’।
তবে চলতি বছরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর উদ্বোধনী আয়ের তালিকায় এখনো এগিয়ে রয়েছে রজনীকান্তের ‘জেলার ২’ ও বিজয়ের ‘জানা নায়াগান’। সিনেমা দুটির প্রথম দিনের আয় যথাক্রমে ৫৯ কোটি ৭০ লাখ ও ৪২ কোটি ৭০ লাখ রুপি।
অন্যদিকে, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) মুক্তি পাওয়া ‘রামায়ণ’ প্রথম দিনেই ভারতের বাজারে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি নেট আয় করেছে। সব ভাষা মিলিয়ে দেশটিতে সিনেমাটির গ্রস আয় ৭৭ কোটি ৫০ লাখ রুপি। বিশ্বব্যাপী প্রথম দিনের আয় দাঁড়িয়েছে ১৫৫ কোটি রুপি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‘সিন’ সিনেমায় সুরিয়ার সঙ্গে অভিনয় করেছেন নাজরিয়া নাজিম ও নাসলেন। সংগীত পরিচালনা করেছেন সুশিন শ্যাম। দীপাবলির ছুটিতে প্রথম সপ্তাহান্তে সিনেমাটির আয় আরও বাড়ে কি না, এখন সেদিকেই নজর বক্স অফিস বিশ্লেষকদের।
এদিকে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন যশ। এ ছাড়া সিনেমাটিতে রয়েছেন রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, অরুণ গোভিল, রবি দুবে, লারা দত্ত ও সানি দেওয়ালসহ আরও অনেকে।
Muktomon/TA